
বর্তমান সরকার আমাদের আশা পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শনিবার (২০ জুন) বিকেলে ফেনীতে এবি পার্টির জেলা কার্যালয়ে ফেনী পৌর শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, এমন একটা সরকার চেয়েছিলাম যারা কোনো দলের থাকবে না। কিন্তু ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় আসছে তারা আমাদের সে আশা পূরণ করতে পারেনি, সেই আশা পূরণ হওয়ার সম্ভাবনাও কম। আমরা ক্ষমতায় আসার আগের কথার সাথে এখনকার কাজের মিল পাচ্ছি না। আমরা পরিস্থিতির পরিবর্তন চাই। আমরা নতুন কিছু চাই।
তিনি আরও বলেন, আমরা পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু সেটি এখনও হয়নি। আমরা সিস্টেমের পরিবর্তন হওয়ার আশা করছিলাম। কিন্তু এখন পর্যন্ত তার কোনো লক্ষণ দেখলাম না।
এবি পার্টি ফেনী পৌর শাখার আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব রেজওয়ান খায়েরের সঞ্চানলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ইন্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বাবায়ক আফলাতুন বাকি, জেলা শাখার সদস্য সচিব ফজলুল হক ও ওমান প্রবাসী নেতা নুর নবী নয়ন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানী,জেলা সদস্য জাহানারা আক্তার মনি, আহমেদ আলী নয়ন প্রমুখ।




