আদানির বিদ্যুৎ বাড়তেই বন্ধ রামপালের এক ইউনিট

ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর পর এবার কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন প্রায় অর্ধেকে নেমে ৬০০ মেগাওয়াটের নিচে এসেছে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) পিএলসির তথ্য অনুযায়ী, রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়তে শুরু করে। বিকেল ৩টার দিকে কেন্দ্রটি থেকে প্রায় ৮৪৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। এর আগে গত বুধবার থেকে কেন্দ্রটি গড়ে প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল।
জানা গেছে, গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে কারিগরি ত্রুটির কারণে আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন কমে যায়। এর প্রভাব পড়ে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় এবং লোডশেডিংও বৃদ্ধি পায়। রোববার বন্ধ ইউনিটটি চালু হওয়ার পর ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হয়।
তবে আদানি থেকে সরবরাহ বাড়ার আগেই রোববার বেলা সাড়ে ১১টার দিকে কারিগরি কারণে রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যায়। ফলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে নেমে আসে।
ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার রামপাল বিদ্যুৎকেন্দ্রটি সম্প্রতি কয়লা সংকটের কারণে সীমিত উৎপাদনে ছিল। পরে কয়লার মজুত নিশ্চিত হওয়ায় কেন্দ্রটির দুটি ইউনিট থেকে এক হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। কিন্তু একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বলেন, আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ আবার শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য রামপাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ বন্ধ রাখা হয়েছে।
বন্ধ ইউনিটটি কবে চালু হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিট বন্ধ হওয়ার পর সেটি ঠান্ডা হতে কিছু সময় লাগে। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ কাজে ভারত থেকে দুইজন প্রকৌশলী আসতে পারেন। এখনই ইউনিটটি চালুর নির্দিষ্ট সময় বলা সম্ভব নয়। দু-এক দিনের মধ্যে বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
এদিকে, রামপালের একটি ইউনিট বন্ধ থাকলেও আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বাড়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ভারসাম্য কতটা বজায় থাকে, তা এখন পর্যবেক্ষণে রয়েছে।


