চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে চার বছর বয়সী এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে শাহ পরাণ ওরফে রাকিব (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে কেরানীগঞ্জের শুভাঢ্যা ঝিলমিল আবাসিক এলাকার চণ্ডীতলা মন্দিরসংলগ্ন একটি জঙ্গল থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার শাহ পরাণ পটুয়াখালী সদর উপজেলার উত্তর সেহালাঠী গ্রামের খাজা মোহাম্মদ হাবীবুল্লাহর ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া শাহ পরাণ এবং ভুক্তভোগী শিশুটির পরিবার কেরানীগঞ্জের ঝাউবাড়ি এলাকায় ভাড়া থাকে। গতকাল বেলা ১১টার দিকে ওই শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে একটি অটোরিকশায় করে ঝিলমিল আবাসিক এলাকার চণ্ডীতলা মন্দিরসংলগ্ন জঙ্গলে নিয়ে যান শাহ পরাণ। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। খবর পেয়ে র্যাব-১০-এর একটি দল দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং শাহ পরাণকে হাতেনাতে গ্রেপ্তার করে।
র্যাবের কর্মকর্তা তাপস কর্মকার বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
