হামলা-ভাঙচুরের পর রংপুরে পূজা পরিষদের সম্মেলন পণ্ড

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর জেলা ও মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। ঘটনার পর সম্মেলন পণ্ড হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৩০ মিনিটে পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান বক্তা শ্রী সন্তোষ শর্মা এবং অনুষ্ঠানের প্রধান অতিথি মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুর নেতৃত্বে সম্মেলনের উদ্বোধন করা হয়। এর ১৫ মিনিট পর রংপুর কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরের সভাপতি ডা. নিখিলেন্দ্র চন্দ্র গুহর নেতৃত্বে বিএনপিপন্থি সনাতন ধর্মাবলম্বী এবং মহানগর বিএনপির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কল্যাণ ফ্রন্টের নেতাকর্মীরা সম্মেলনে প্রবেশ করেন।
এ সময় ডা. নিখিলেন্দ্র চন্দ্র গুহ ও তার লোকজন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর জেলার সভাপতি রামজীবন কুন্ডু এবং পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগরের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট প্রশান্ত কুমার রায়কে আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে মারধর করেন।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সভার ভিডিওতে দেখা যায়, রামজীবন কুন্ডু ও প্রশান্ত কুমার রায়কে মারধর শুরু হলে তাদের রক্ষা করতে এগিয়ে আসেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু ও তার একান্ত সহকারী তারেক। এ সময় বিএনপি আহ্বায়ক শামসুজ্জামান সামুর ওপর হামলা হলে তাকে রক্ষা করতে গিয়ে তার একান্ত সহকারী তারেক বেধড়ক মারধরের শিকার হন। ভিডিওতে শামসুজ্জামান সামুকে হাতাহাতির মধ্যে লাঞ্ছিত হতে দেখা যায়। এ সময় ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয় এবং চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান বক্তা শ্রী সন্তোষ শর্মা বলেন, জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের পর তারা মঞ্চে বসেছিলেন। ঠিক সেই সময় ৪০ থেকে ৫০ জন লোক সশস্ত্র অবস্থায় প্রবেশ করে মঞ্চের সবকিছু ভেঙে ফেলেন। বিএনপি নেতা সামু চেষ্টা করেছেন, কিন্তু তার কোনো কথায় তারা কর্ণপাত করেননি। শুক্রবার পুলিশের ডিআইজিকে জানানো হয়েছিল, আজকের সম্মেলনে কেউ সমস্যা করতে পারে। সেখানে দুই-তিনজন পুলিশ থাকলেও তারা কিছু করতে পারেননি। পুরো সভা তছনছ করে দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, এই হামলার নেতৃত্ব দিয়েছেন ডা. নিখিলেছ, সুনীল ও শ্রী বিপ্লব বাবু। তাদের সহযোগিতা করেছেন মহানগর যুবদলের নেতা লেলিন, মিলন ও নয়ন। সামু তাদের সামলানোর চেষ্টা করেছেন। কিন্তু তারা তার কোনো কথায় কর্ণপাত না করে সবকিছু ভাঙচুর করেছেন। আমাদের নেতাদের ওপর হামলাও করা হয়েছে।
সন্তোষ শর্মা আরও বলেন, পূজা উদ্যাপন পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। এখানে বিএনপি নেতাকর্মীরাও আছেন। আওয়ামী লীগও থাকতে পারে। সম্মেলনে আওয়ামী লীগ থাকলে পুলিশ ব্যবস্থা নেবে। যুবদল ও কল্যাণ ফ্রন্টের নেতারা মব সৃষ্টি করে সম্মেলন পণ্ড করে দেবেন, এই অধিকার তাদের কে দিয়েছে? তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, নয়তো আমরা আমাদের মতো সিদ্ধান্ত নেব।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর জেলার সভাপতি রামজীবন কুন্ডু বলেন, তিনি সাবরেজিস্ট্রার পদ থেকে সদ্য অবসরে গেছেন। সরকারি কর্মকর্তারা কখনও আওয়ামী লীগ করতে পারেন, কোনো দলের হতে পারেন। আমরা তো দুর্বল। দুর্বল না হলে প্রতিহত করতাম। এটা আল্লাহকে জানা ছাড়া আমাদের করার কিছু নেই।
এদিকে সভায় হাতাহাতি ও হামলার ঘটনা নিয়ন্ত্রণ করতে গিয়ে নিজে হেনস্তার শিকার হওয়া এবং তার একান্ত সহকারীকে মারধরের ঘটনায় বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু। প্রতিবেদকের পক্ষ থেকে দুই দফায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে তার বক্তব্য নিতে গেলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন।
রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন বলেন, আবারও নতুন করে রংপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। ভারত থেকে হাসিনা-মোদি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে আবারও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় আমাদের মধ্যে কিছু লোক টাকা খেয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগকে পুনর্বাসনের এই চেষ্টা মেনে নেব না। আমরা ইতিমধ্যে জেনেছি, মহানগর আওয়ামী লীগের একজন সদস্য তার দোসর বাহিনী ও মামলার আসামিদের নিয়ে এখানে কর্মসূচি করছেন। আমরা যখন বিষয়টি শুনেছি, তখন আমাদের সাধারণ নেতাকর্মীরা এটা সহ্য করতে না পেরে এখানে উপস্থিত হয়েছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ বলেন, আমাদের কাছে এখনও কোনো অভিযোগ হয়নি বা আসেনি। আমরা আমাদের সিটিএসবি ও গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি, আবু সাঈদ স্টেডিয়ামে পূজা উদযাপন কমিটির একটি দ্বিবার্ষিক সম্মেলন ছিল। সেখানে পূজা উদ্যাপন কমিটির একটি পক্ষ গিয়ে হামলা করেছে। সেখানে পুলিশের উপস্থিতি ছিল। পরবর্তীতে তারা ফোর্স মোতায়েন করে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
তিনি আরও বলেন, সম্মেলনের শুরু থেকেই সেখানে পুলিশ ছিল। এ ছাড়া সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আমরা সুনির্দিষ্টভাবে কারও নাম পাইনি। ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
