logo

অপরাধী যত ক্ষমতাশালীই হোক, ছাড় দেওয়া হবে না: আইজিপি

অপরাধী যত ক্ষমতাশালীই হোক, ছাড় দেওয়া হবে না: আইজিপি
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমনে 'জিরো টলারেন্স' বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন আইজিপি আলী হোসেন ফকির। ছবি : এশিয়া পোস্ট

অপরাধী যে মত, বর্ণ বা ধর্মেরই হোক না কেন এবং সে যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি জানান, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সংকট কাটিয়ে পুলিশকে নতুন করে ঘুরে দাঁড় করানোর কাজ চলছে। এজন্য পুলিশ সদস্যদের মনোবল, দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদের আইন মেনে চলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পাড়া-মহল্লায় তরুণদের মধ্যে মাদকাসক্তি বাড়ছে, যা বিভিন্ন অপরাধের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইতোমধ্যেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরিদর্শনকালে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ সিআইডির পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ অন্যান্য প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।