ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, ছাত্রসহ শিক্ষক গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, ছাত্রসহ শিক্ষক গ্রেপ্তার
গ্রেপ্তার শিক্ষক মো. বাচ্চু মিয়া ও ছাত্র মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

ছাত্রকে দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করার অভিযোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় উত্তরপত্র মূল্যায়নের কাজে যুক্ত থাকার অভিযোগে ওই বিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসানকেও গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্রের পরীক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. বাচ্চু মিয়া নিজে খাতা মূল্যায়ন না করে তার ছাত্র মেহেদী হাসানকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করাচ্ছেন। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি শিক্ষামন্ত্রীর নজরে আসে। এরপর তিনি ঘটনাটির দ্রুত তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষক মো. বাচ্চু মিয়া ও মেহেদী হাসানের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১০, ১২ ও ১৩ ধারায় মামলা দায়ের করা হয়। এরপর শনিবার (১১ জুলাই) রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীকে গ্রেপ্তার করে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, অভিযুক্ত দুজনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে একটু পরেই তাদের আদালতে পাঠানো হবে।

বিষয় :কুমিল্লা