টঙ্গীতে বস্তার ভেতর ১০-১২টি ‘ককটেল’, এলাকা ঘিরে রেখেছে পুলিশ

গাজীপুরে টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকায় বস্তার ভেতর ১০-১২টি ‘ককটেল’ পড়ে থাকার সন্ধান পেয়েছে পুলিশ। বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দলকে খবর দিয়ে এলাকাটি ঘিরে রাখা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ককটেলের মতো ১০-১২টি বস্তু দেখা গেছে। ধারণা করছি এগুলো ককটেল হবে। বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে গুটিয়ার আন্ধারুল এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হৃদয়ের বাড়ির সামনে এসব বস্তু দেখতে পাওয়া যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এরপর থেকে এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, আমরা পুরো এলাকাটি ঘিরে রেখেছি। মানুষের জানমালের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি।
