চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, নাকে ঢালা হয় গরম পানি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্যান চুরির অভিযোগে এক যুবককে তুলে নিয়ে নৃশংসভাবে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। নির্যাতনের সময় তার নাকে গরম পানি ঢালা হয় বলে অভিযোগ।
রোববার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আসাননগর গ্রামের হাউসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত দুদু (২২) আসাননগর গ্রামের মিজানুরের ছেলে। তিনি দুই সন্তানের জনক। তার এক সন্তানের বয়স মাত্র ৪ মাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাউসপুর গ্রামের হাফিজুরের ছেলে অন্তুরের ভ্যান গত শুক্রবার (১৫ মে) রাতে চুরি হয়। এ চুরির ঘটনায় তারা দুদুকে সন্দেহ করে। এরপর রোববার সকালে খবির, সুমন, আশিক, বায়োজিদ, রফিক, শাকিলসহ কয়েকজন দুদুর বাড়িতে তাকে খুঁজতে যায়। তাকে না পেয়ে তারা তার মায়ের কাছে হুমকি দিয়ে বলে আসে, ‘দুদুকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই তাকে হত্যা করা হবে।’
অভিযোগ রয়েছে, ওইদিন রাত সাড় ৯টার দিকে সংঘবদ্ধভাবে দুদুকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করা হয়। একপর্যায়ে তার নাকে গরম পানি ঢেলে নির্যাতন চালানো হয়। পরে তার শরীর নিস্তেজ হয়ে গেলে গুরুতর আহত অবস্থায় তাকে আলমডাঙ্গা হাউসপুর শরিফুলের ক্লিনিকে নিয়ে যায় নির্যাতনকারীরা। সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুদুকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে তারা ওই ক্লিনিক থেকে মরদেহ দ্রুত কৌশলে নিয়ে এসে হাউসপুর বটতলায় ফেলে রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। যেকোনো অপরাধের বিচার আইনের মাধ্যমেই হবে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
