Advertisement

ফেনীর বিএনপি নেতা আলমগীর ঢাকায় গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, ফেনী
ফেনীর বিএনপি নেতা আলমগীর ঢাকায় গ্রেপ্তার
গ্রেপ্তার বিএনপি নেতা আলমগীর হোসেন সিদ্দিকী। ছবি: এশিয়া পোস্ট

ফেনীর ছাগলনাইয়ায় সরকারি জব্দকৃত বালু লোপাট, বালুমহালের আধিপত্য বিস্তার ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ঘোপাল ইউনিয়ন বিএনপির সদস্য মো. আলমগীর হোসেন সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) ভোরে রাজধানীর শাহজাহানপুরের ‘হোটেল গ্র্যান্ড সার্কেল ইন’-এ অভিযান চালিয়ে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলনাইয়ার শুভপুর এলাকায় ফেনী নদীর তীরে জেলা প্রশাসনের জব্দ করা প্রায় ২ লাখ ২৪ হাজার ঘনফুট বালু লোপাটের ঘটনা ঘটে, যার বাজারমূল্য প্রায় ৬৭ লাখ টাকা। অভিযোগ রয়েছে, বিএনপি নেতা আলমগীর সিদ্দিকী ও তার অনুসারীরা এই চুরির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। পরবর্তীতে ওই এলাকায় বালু ব্যবসা ও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে উপজেলা বিএনপি নেতা রিয়াজ উদ্দিন টিপুসহ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় রিয়াজ উদ্দিন টিপু বাদী হয়ে গত ২৫ জুলাই ছাগলনাইয়া থানায় আলমগীর সিদ্দিকীকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন।

ছাগলনাইয়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আবু তাহের বলেন, ডিবি পুলিশ আলমগীর সিদ্দিকীকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ছাগলনাইয়া থানায় সোপর্দ করেছে।

ফেনীর ছাগলনাইয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ (পিপিএম) জানান, জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা নিশ্চিত করতে পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিষয় :ফেনী