আসামির দায়ের কোপে দুই পুলিশ কর্মকর্তা আহত

এশিয়া পোস্ট নিউজ, লালমনিরহাট
আসামির দায়ের কোপে দুই পুলিশ কর্মকর্তা আহত
হাতীবান্ধা থানার ফটক। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে তার দায়ের কোপে দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গেন্দুকুড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম ওরফে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যৌথ অভিযান চালান এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ। এ সময় আসামি রাশেদুল গ্রেপ্তার এড়াতে ধারালো দা দিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে এসআই রুহুল আমিনের হাতের কব্জিসহ শরীরের একাধিক স্থানে গভীর ও রক্তাক্ত জখম হয়। একইভাবে গুরুতর আঘাত পান এএসআই আব্দুল লতিফও। হামলার পর পরই আসামি রাশেদুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে হাতীবান্ধা থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে এসআই রুহুল আমিনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশঙ্কামুক্ত না হওয়ায় এবং জরুরি অস্ত্রোপচারের প্রয়োজনে শনিবার সকালে তাকে রংপুরের বেসরকারি হাসপাতাল রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে (ডক্টরস ক্লিনিক) স্থানান্তর করা হয়।

এ বিষয়ে লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ধারালো অস্ত্রের হামলায় আমাদের দুজন কর্মকর্তা আহত হয়েছেন। উন্নত চিকিৎসা ও জরুরি অস্ত্রোপচারের জন্য এসআই রুহুলকে রংপুরের ডক্টরস ক্লিনিকে নেওয়া হয়েছে। আমরা সার্বক্ষণিক তাদের চিকিৎসার খোঁজখবর রাখছি। পুলিশের ওপর হামলার এই ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।