logo

কচুরিপানায় ঢেকে আছে নওগাঁর নিচু জমি, কমছে আবাদযোগ্য এলাকা

কচুরিপানায় ঢেকে আছে নওগাঁর নিচু জমি, কমছে আবাদযোগ্য এলাকা
নওগাঁ সদর উপজেলার নিচু ফসলি জমিগুলো থেকে নামতে শুরু করেছে বানের পানি। কিন্তু জেগে ওঠা এসব জমিতে এখন কৃষকদের নতুন দুশ্চিন্তার নাম কচুরিপানা। ছবি: এশিয়া পোস্ট

নওগাঁ সদর উপজেলার নিচু ফসলি জমিগুলো থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে বানের পানি। কিন্তু জেগে ওঠা এসব জমিতে এখন কৃষকদের নতুন দুশ্চিন্তার নাম কচুরিপানা। বন্যার স্রোত ও আশপাশের জলাশয় থেকে ভেসে আসা এই জলজ উদ্ভিদ আসন্ন ইরি-বোরো মৌসুমে বীজতলা তৈরি ও চারা রোপণের পথে বড় বাধা সৃষ্টি করেছে।

শুধু তাই নয়, জমি পরিষ্কার করতে শ্রমিকের পেছনে বাড়তি খরচ গুনতে হচ্ছে। অন্যদিকে সরানো কচুরিপানা জমির চার কোণে স্তূপ করে রাখায় কমে যাচ্ছে আবাদযোগ্য জমির পরিমাণ। ফলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় চাষিরা।

Advertisement

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

সরেজমিনে সদর উপজেলার দিঘলী বিল ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, পানি কমার সঙ্গে সঙ্গে কচুরিপানা অপসারণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। দ্রুত জমি প্রস্তুত করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। আড়ালাবিল এলাকার কৃষক এমদাদুল হক এশিয়া পোস্টকে বলেন, কচুরিপানা নিয়ে এখন দুই ধরনের লোকসানের মুখে পড়েছেন তারা। জমি থেকে এগুলো সরাতে যেমন বাড়তি খরচ হচ্ছে, তেমনি তুলে রাখা কচুরিপানা জমির ভেতরেই স্তূপ করে রাখায় আবাদি জমির জায়গা সংকুচিত হয়ে আসছে।

তিনি আরও জানান, বর্তমানে প্রতি বিঘা জমি কচুরিপানামুক্ত করতে ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে। পানি থাকা অবস্থাতেই যদি এই উদ্ভিদ অপসারণ বা ধ্বংস করার কার্যকর ব্যবস্থা নেওয়া যেত, তবে কৃষকেরা বড় ধরনের আর্থিক চাপ থেকে বাঁচতেন।

দিঘলী বিল এলাকার কৃষক সিদ্দিক হোসেন এশিয়া পোস্টকে জানান, এক বিঘা জমির কচুরিপানা পরিষ্কার করে সেই জমিরই বিভিন্ন কোণে জমা করে রাখতে হয়। এর ফলে প্রতি বিঘায় প্রায় দুই থেকে তিন কাঠা জমিতে ফসল ফলানো সম্ভব হয় না। কচুরিপানার এই ভোগান্তি দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি।

তবে কৃষকদের এই উদ্বেগের ভিন্ন দিক তুলে ধরেছেন কৃষি কর্মকর্তারা। নওগাঁ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুনিরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, সদর উপজেলার মূলত বিল ও নদীঘেঁষা নিচু এলাকাগুলোতেই কচুরিপানার সমস্যা বেশি দেখা যায়। এ বিষয়ে তারা কাজ করছেন। সাধারণ মানুষ এটিকে কেবল আগাছা বা জঙ্গল মনে করলেও বাস্তবে এটি অত্যন্ত মূল্যবান জৈব সারের উৎস। সঠিকভাবে তৈরি করা এই জৈব সার নিয়মিত জমিতে প্রয়োগ করলে রাসায়নিক সারের চাহিদা ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

তিনি আরও জানান, কচুরিপানা পুরোপুরি ধ্বংস করে ফেললে কৃষকেরা সম্ভাবনাময় এই জৈব সার পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। সার্বিক দিক বিবেচনা করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা।

স্থানীয় চাষিরা বলছেন, কচুরিপানা থেকে কীভাবে সহজে ও সঠিকভাবে জৈব সার তৈরি করা যায়, সে বিষয়ে বাস্তবসম্মত প্রশিক্ষণ বা দিকনির্দেশনা এখনও তাদের কাছে পৌঁছায়নি।