logo

টয়লেটে যাওয়ার কথা বলে পালালেন বিস্ফোরক মামলার আসামি ‘পিচ্চি’ রাজা

টয়লেটে যাওয়ার কথা বলে পালালেন বিস্ফোরক মামলার আসামি ‘পিচ্চি’ রাজা
রাজা ওরফে ‘পিচ্চি’ রাজা। ছবি: সংগৃহীত

বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হওয়া আসামি রাজা ওরফে ‘পিচ্চি’ রাজা ঢাকা মেট্রোপলিটন আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগার-১-এ আনার পথে পালিয়েছে। তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত।

ঘটনাটি ঘটেছে রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ময়লার বাগারের পাশে৷

পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, রোববার সকালে বিচারিক কার্যের জন্য কাশিমপুর কারাগার থেকে ৩০ জন আসামিকে নিয়ে ঢাকা মেট্রোপলিটন আদালতে নেওয়া হয় ৷ আদালতের কাজ শেষে বিকেলে ঢাকা হতে তাদের পুনরায় কাশিমপুর কারাগারে নেওয়ার পথে আসামি রাজা টয়লেটে যাবেন বলে চিৎকার শুরু করে।

গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় পৌঁছালে সঙ্গে থাকা এসআই তাকে টয়লেটে নিতে আসামি বহনকারী প্রিজন ভ্যান থেকে নামান। এ সময়ে আচমকা পালিয়ে যান ওই আসামি। তবে বাকি ২৯ জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, ঢাকা আদালত হতে কাশিমপুর কারাগারে আনার পথে একজন বন্দি পালিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি ওই বন্দি টয়লেটে যাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করছিলেন। পরে তাকে বাথরুমে নিতে গাড়ি থেকে নামানো হলে পালিয়ে যান। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত আরও পরে বলা যাবে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-র জেলার (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম বলেন, আমাদের কারাগারে বন্দি রাজা ওরফে ‘পিচ্চি’ রাজাকে পুলিশ আজ আদালতে নিয়ে যায়। আদালত থেকে ফেরার পথে রাত সাড়ে আটটার দিকে তিনি পালিয়ে গেছেন। বিস্ফোরক আইনের একটি মামলায় বন্দি ছিলেন তিনি।

এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধারের তথ্য জানিয়েছিল পুলিশ।