logo

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়িতে হামলা-গুলি

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়িতে হামলা-গুলি
খুলনা থানা। ছবি: এশিয়া পোস্ট

খুলনায় মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগানি দিয়ে বিএনপি নেতা মঞ্জুরুল আলমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। মিছিলকারীরা তার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি সামনে থাকা একটি মোটরসাইকেলও ভাঙচুর করে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা সদর থানার টুটপাড়া মওলা বাড়ির সামনে ইসলামিয়া রোডে এ ঘটনা ঘটে। মঞ্জুরুল আলম ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঞ্জুরুল আলমের ভাষ্য, ঘটনার সময় তিনি বাড়িতে শুয়ে ছিলেন। বাইরে একটি মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান শুনে তিনি ঘর থেকে বের হয়ে আসেন। এ সময় মিছিল থেকে এক ব্যক্তি তাকে সরে যেতে বলেন। পরে তিনি বাড়ির ভেতরে ঢোকার সময় মিছিল থেকে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, মিছিলকারীরা বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করেন এবং বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে ঘটনায় তিনি শারীরিকভাবে আহত হননি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, এ ধরনের একটি ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।