logo

৫০ টাকায় পঙ্খিরাজে চড়ে বগুড়া ঘুরে দেখার সুযোগ

৫০ টাকায় পঙ্খিরাজে চড়ে বগুড়া ঘুরে দেখার সুযোগ

বগুড়া শহরের ব্যস্ত সড়কে হঠাৎই কানে আসে টুংটাং শব্দ। আধুনিক যানবাহনের ভিড়ে চোখে পড়ে এক টুকরো ভিন্ন দৃশ্য সাজানো-গোছানো সাদা ঘোড়ার গাড়ি। ঈদের আনন্দে শহরজুড়ে যেন অন্যরকম আবহ তৈরি করেছে এই ব্যতিক্রমী উদ্যোগ।

শহরের পুলিশ প্লাজা থেকে সাতমাথা হয়ে ইয়াকুবিয়ার মোড় ও জলেশ্বরীতলা পর্যন্ত ঘুরে বেড়ায় এই ঘোড়ার গাড়ি। জনপ্রতি ভাড়া মাত্র ৫০ টাকা। একসঙ্গে ১০ জন যাত্রী নিয়ে একবারই পুরো রুটটি ঘুরিয়ে আনা হয়। পুরো যাত্রায় সময় লাগে মাত্র ৫ থেকে ১০ মিনিট, কিন্তু এই অল্প সময়েই যাত্রীরা পেয়ে যাচ্ছেন ভিন্ন এক অভিজ্ঞতা।

এই উদ্যোগের পেছনে রয়েছেন বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া এলাকার বাসিন্দা রানা প্রামানিক। প্রায় দুই বছর আগে চার লাখ টাকা খরচ করে তিনি ঘোড়াসহ এই গাড়িটি কিনেছেন। ঈদ উপলক্ষে প্রতিদিন বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত শহরে ঘুরে বেড়ান তিনি। সঙ্গে সহযোগী হিসেবে আছেন রাফিউল। সাদা রঙের ঘোড়া আর গাড়ি—দুটোই যেন আলাদা করে নজর কাড়ে। পুরো গাড়িটি লাইটিং দিয়ে সাজানো, যা সন্ধ্যার পর আরও আকর্ষণীয় হয়ে ওঠে। শিশু থেকে বড় সবাই ভিড় করছেন এই ঘোড়ার গাড়িতে চড়ার জন্য। নিজের ঘোড়াগুলোকেও বিশেষ নাম দিয়েছেন রানা প্রামানিক। তাদের মধ্যে একটির নাম ‘পঙ্খিরাজ রাজা’। নামের মতোই রাজকীয় ভঙ্গিতে শহরের রাস্তায় ছুটে চলে তারা।

শহরের চেলোপাড়া থেকে দুই মেয়েকে নিয়ে এসেছেন সাগর ইসলাম। তিনি জানান, যান্ত্রিক জীবনের একঘেয়েমির মাঝে এই ঘোড়ার গাড়ি যেন এক টুকরো নস্টালজিয়া ফিরিয়ে এনেছে। বিশেষ করে ঈদের সময় পরিবার নিয়ে এমন ভ্রমণ অনেকের কাছেই বাড়তি আনন্দের উৎস হয়ে উঠেছে।

এ বিষয়ে ঘোড়ার গাড়ির মালিক রানা প্রামানিক এশিয়া পোস্টকে বলেন, ‘মানুষকে একটু ভিন্ন আনন্দ দিতে চেয়েছি। ঈদের সময় সবাই যেন পরিবার নিয়ে একটু অন্যরকম অভিজ্ঞতা নিতে পারে, সেটাই আমার চেষ্টা। এখান থেকে আমার যেমন আয় রোজগার হচ্ছে তেমনি শহুরে মানুষকে অন্য রকম আনন্দের স্বাদ দিতে পারছি।’