logo

নাটোরে ছাত্রদল নেতা হত্যা, এমপির ছেলে পুলিশ হেফাজতে

নাটোরে ছাত্রদল নেতা হত্যা, এমপির ছেলে পুলিশ হেফাজতে
নাটোর ৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে মিন্টু। ছবি: এশিয়া পোস্ট

নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের মৃত্যুর ঘটনায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাতে গুরুদাসপুর বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে নাটোর পুলিশ সুপার কার্যালয়ে ডিবি অফিসে নেওয়া হয়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে শাকিলের মৃত্যু হয়।

এ ঘটনায় শাকিলের বাবা একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্তের স্বার্থে পুলিশ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। এরই ধারাবাহিকতায় সংসদ সদস্যের ছেলে নুরুজ্জামান মিন্টুকে আনা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।