logo

খাসি বলে কুকুরের মাংস বিক্রির চেষ্টা

খাসি বলে কুকুরের মাংস বিক্রির চেষ্টা

নওগাঁর ধামইরহাটে খাসির মাংসের নামে কুকুরের মাংস বিক্রির চেষ্টা করেছেন দুজন। স্থানীয়রা বিষয়টি ধরে ফেললে অভিযুক্তরা পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মঙ্গলবাড়ী বাজারের হরগৌরী রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ওই এলাকার এনজাত আলী ও দুলু হুজুর নামে দুই ব্যক্তি একটি কুকুর জবাই করে খাসির মাংসের নামে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা হাতেনাতে ধরে ফেলেন। জনরোষের মুখে পড়ার আগেই অভিযুক্তরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান।

ঘটনার খবর পেয়ে ধামইরহাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সেখান থেকে জবাই করা প্রাণীর মাংস উদ্ধার করেছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকলেছুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। সেখান থেকে মাংস উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত এনজাত আলী ও দুলু হুজুর বর্তমানে পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না।

উদ্ধার করা মাংস সত্যিই কুকুরের কি না, তা নিশ্চিত হতে বৈজ্ঞানিক পরীক্ষা করা হচ্ছে। উপজেলা পশু চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছে সংগৃহীত মাংস পরীক্ষা-নিরীক্ষা করছেন। চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।