অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি ইডি কর্মচারীদের

বেতন-ভাতা তিন গুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র্যালি করেছেন সাতক্ষীরার শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। দাবি আদায় না হলে আগামী ৬ জুলাই থেকে সারা দেশের প্রায় ৮ হাজার ৫০০ শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শাখা ডাকঘরের কর্মচারীরা অংশ নেন।
বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সুভাষিনী শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন এল্লারচর শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আক্তারুল ইসলাম, কাটাকাটি শাখা ডাকঘরের পোস্টমাস্টার শিহাব উদ্দিন, তালা উপজেলার হরিহরনগর শাখার পোস্টমাস্টার আবুল কালাম আজাদ, ভালুকা চাঁদপুর শাখার পোস্টমাস্টার বাবু অসিত কুমার মন্ডল, রসুলপুর শাখার পোস্টমাস্টার ফারহানা খান এবং জগন্নাথপুর শাখার পোস্টমাস্টার আজরাতু জান্নাত প্রমুখ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, শাখা ডাকঘরের কর্মচারীরা নিয়মিত দায়িত্ব পালন করলেও তাদের মাসিক বেতন ৪ হাজার ৪৬০ টাকায় সীমাবদ্ধ রয়েছে, যা বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ অবস্থায় তাদের জীবিকা নির্বাহে চরম সংকট তৈরি হয়েছে।
দাবির মধ্যে রয়েছে—বেতন-ভাতা ন্যূনতম তিন গুণ বৃদ্ধি এবং এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারীদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান।
কর্মসূচি থেকে জানানো হয়, আগামী ৬ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেওয়া হলে দেশের ৮ হাজার ৫০০ শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে, যা ডাকসেবায় ব্যাপক প্রভাব ফেলতে পারে।




