Advertisement

বিলে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

এশিয়া পোস্ট নিউজ, নরসিংদী
বিলে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় বিলের পানিতে গোসল করতে নেমে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের নামারচর বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ভেলুয়ারচর গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে নিপা (৭) ও একই গ্রামের নূরুজ্জামানের মেয়ে জান্নাতি (৮)। তারা দুজনেই ভেলুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ওই দুই শিশুসহ চার-পাঁচজন মিলে বাড়ির পাশের নামারচর বিলে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত তারা দুজনই গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় সাথে থাকা অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তারা বিলের পানি থেকে দুই শিশুকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শীলা জানান, সকাল সাড়ে ১১টার দিকে ভেলুয়ারচর থেকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় :নরসিংদী