Advertisement

১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত

এশিয়া পোস্ট নিউজ, লক্ষ্মীপুর
১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত
যুবদলের লোগো। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কুশাখালী ইউনিয়ন যুবদলের নতুন কমিটির ৩১ জনের মধ্যে ১৬ নেতার পদত্যাগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এশিয়া পোস্টে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এতে ওই কমিটি বিলুপ্ত করে দিয়েছে কেন্দ্রীয় যুবদল।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির তথ্য জানানো হয়। তবে কী কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

লক্ষ্মীপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক শামছুল আহসান মামুন বলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে এ সিদ্ধান্তের কারণ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, কমিটি ঘোষণার পর কয়েকজন নেতা পদত্যাগ করেছেন বলে শুনেছি। তবে কোনো পদত্যাগপত্র জেলা কমিটির কাছে জমা পড়েনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে কেন্দ্রীয় যুবদলের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় নেতৃত্ব কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নেয়।

দলীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৬ জুলাই) রাতে ফেসবুকের মাধ্যমে কুশাখালী ইউনিয়ন যুবদলের ৩১ সদস্যের কমিটি প্রকাশ করা হয়। এর আগে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে কমিটি ঘোষণার এক দিন পরই সোমবার (২৭ জুলাই) ৬ যুগ্ম আহ্বায়কসহ মোট ১৬ নেতা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতাদের অভিযোগ, অর্থের বিনিময়ে প্রবাসীদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রত্যাশিত পদ না পাওয়ায় তারা পদত্যাগ করেছেন। তাদের দাবি, নতুন কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ ও সদস্যসচিব মাসুদুর রহমান মাসুদ দুজনই বিদেশ থেকে এসে কমিটিতে দায়িত্ব নিয়েছেন।