logo

বগুড়ায় ব্যবসায়ী আলাল হত্যার বিচার চেয়ে মানববন্ধনে স্ত্রীর আহাজারি

বগুড়ায় ব্যবসায়ী আলাল হত্যার বিচার চেয়ে মানববন্ধনে স্ত্রীর আহাজারি

বগুড়া শহরের ফতেহ আলী বাজারে সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী আলাল শেখ খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) শহরের সাতমাথায় ‘সচেতন বগুড়াবাসী’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে স্বামীর হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে কাঁদতে থাকেন আলাল শেখের স্ত্রী সালমা বেগম। এ সময় পরিবারের অন্য সদস্যরা অসহায়ত্বের কথা তুলে ধরেন।

বক্তারা অভিযোগ করেন, গত ২৮ মার্চ ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন আলাল শেখ। সেদিন সকালে ভোট দিতে বের হওয়ার পর বাজার এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় একদল সশস্ত্র ব্যক্তি। পরে শহরের সেউজগাড়ি ডাবতলা এলাকায় নিয়ে গিয়ে তার ওপর হামলা চালানো হয়।

পরিবারের দাবি, হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার হাত-পা ভেঙে দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ এপ্রিল ভোরে তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, ঘটনার সিসিটিভি ফুটেজে হামলাকারীদের দেখা গেলেও এখনও গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযুক্ত কয়েকজন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। একইসঙ্গে রাজনৈতিক পরিচয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা না নেওয়ারও অভিযোগ তোলা হয়।