সিইপিজেডে নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনে (সিইপিজেড) চুরির দায়ে আটক হওয়া এক তরুণকে ছিনিয়ে নেওয়ার দুই দিনের মাথায় মূল অভিযুক্তসহ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা-পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) ভোররাতে ইপিজেড ও বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ছিনিয়ে নেওয়া মূল অভিযুক্ত আসলাম শেখের (২৪) নাম ছাড়া গ্রেপ্তার বাকি তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট রাতে সিইপিজেডের ‘মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিমিটেড’-এ চুরির চেষ্টাকালে আসলাম শেখকে হাতেনাতে আটক করেন বেপজার নিরাপত্তা প্রহরী ও আনসার সদস্যরা।
পরে তাকে সিইপিজেড পুলিশ ফাঁড়িতে হস্তান্তরের উদ্দেশ্যে সরকারি গাড়িতে নিয়ে যাওয়ার পথে ‘বিডি অ্যাপারেল্স’ গেটের সামনে ৩০ থেকে ৪০ জনের একটি দল গতিপথ রোধ করে। হামলাকারীরা বেপজার গাড়ি ভাঙচুর ও দায়িত্বরত প্রহরীদের মারধর করে আসলামকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় বেপজার সহকারী পরিচালক (প্রশাসন ও এস্টেট) পাপ্পু দে বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৩০-৪০ জনের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা করেন।
ইপিজেড থানার ওসি জানান, গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



