মিয়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২ জন আটক

চট্টগ্রামের পতেঙ্গা থেকে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেলসহ ১২ জনকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার (৪ এপ্রিল) ভোরে চট্টগ্রামের পতেঙ্গা সংলগ্ন বহির্নোঙর এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে আউটপোস্ট-পতেঙ্গা থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহভাজন একটি বোট তল্লাশি করে প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, ৬টি ভর্তি গ্যাস সিলিন্ডার এবং নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।