logo
Advertisement

কাদা-পানি মাড়িয়ে স্কুলে যাওয়া, ২৯ বছরেও পাকা হয়নি একমাত্র রাস্তা

এশিয়া পোস্ট নিউজ, ফরিদপুর
কাদা-পানি মাড়িয়ে স্কুলে যাওয়া, ২৯ বছরেও পাকা হয়নি একমাত্র রাস্তা
বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই রাস্তাজুড়ে কাদা ও পানি জমে যায়। ছবি: এশিয়া পোস্ট

ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের ঘোড়াচুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের দুর্ভোগ দীর্ঘদিনের। প্রায় ২৯ বছর ধরে বিদ্যালয়ের একমাত্র যাতায়াতের পথটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে কাদা-পানি মাড়িয়ে স্কুলে যেতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

Advertisement

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৬৮ সালে ঘোড়াচুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১৩ সালের ১ জানুয়ারি এটি জাতীয়করণ করা হয়। ২০১১ সালে নির্মিত হয় বিদ্যালয়ে দ্বিতল ভবন। বর্তমানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৮৪ জন শিক্ষার্থীকে ছয়জন শিক্ষক পাঠদান করছেন।

বিদ্যালয়ে প্রবেশের জন্য মাত্র একটি রাস্তা রয়েছে। প্রায় ৮২০ ফুট দীর্ঘ এই পথটি এখনও কাঁচা। বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই রাস্তাজুড়ে কাদা ও পানি জমে যায়। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে এ পথ দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বিশাল দাস বলে, বর্ষার সময় স্কুলে আসতে খুব কষ্ট হয়। কাদা-পানির কারণে অনেক বন্ধু নিয়মিত ক্লাসে আসতে পারে না।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জান্নাতি খাতুন বলে, বৃষ্টি শুরু হলে স্কুলে আসা-যাওয়া করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় রাস্তায় পড়ে গিয়ে বই-খাতা ও পোশাক ভিজে যায়।

আরেক শিক্ষার্থী প্রিয়ন্তী দাস জানায়, বৃষ্টি হলে রাস্তায় পড়ে যাওয়ার ভয় থাকে। এ কারণে অনেক শিক্ষার্থী স্কুলে আসতে চায় না।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেমন্ত দাস বলেন, বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা স্কুলে আসার পথে বৃষ্টিতে ভিজে যায়। কাদা-পানির কারণে বই-খাতাও নষ্ট হয়। অনেকে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে এলেও পুরো বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাস বলেন, বিদ্যালয়ে যাতায়াতের জন্য প্রায় ৮২০ ফুট কাঁচা রাস্তা রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদা ও পানি জমে যায়। এতে ছোট ছোট শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানদের একাধিকবার জানানো হয়েছে। বর্ষা এলেই সবার দুর্ভোগ বেড়ে যায়। কোমলমতি শিশুদের কথা বিবেচনা করে রাস্তাটি দ্রুত পাকা করা অত্যন্ত জরুরি।

মেগচামী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) সনৎ কুমার দাস বলেন, ফুলেশ্বরী পানি উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে ১৯৯৭ সালে খালের পাড় দিয়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এটিই এলাকার মানুষের একমাত্র চলাচলের পথ। কাদা বা বৃষ্টি—যে পরিস্থিতিই হোক, বিকল্প পথ না থাকায় মানুষকে এ রাস্তা দিয়েই চলাচল করতে হয়। রাস্তাটি পাকাকরণের জন্য উপজেলার বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে।

এ বিষয়ে মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ সাব্বির উদ্দীন শেখ (সাব্বির) বলেন, রাস্তাটির অবস্থা খুবই করুণ। বর্ষা মৌসুমে শিশুদের স্কুলে যেতে চরম কষ্ট হয়। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকেও জানানো হয়েছে। দ্রুত রাস্তাটি নির্মাণ করা গেলে শিক্ষার্থীসহ এলাকার মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।

মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম (বীথি) বলেন, তিনি নতুন দায়িত্ব নিয়েছেন। এখনও বিদ্যালয়টি পরিদর্শনের সুযোগ হয়নি। তবে দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি।

বিষয় :