logo

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে সমাবেশ

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে সমাবেশ
গাজীপুরে শ্রমিক সমাবেশ প্লাকার্ড হাতে গার্মেন্টস শ্রমিকরা। ছবি : এশিয়া পোস্ট

গার্মেন্টস শিল্পের শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে সমাবেশ করেছেন বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতাকর্মী ও শ্রমিকরা। সমাবেশ থেকে শ্রমিক নেতারা আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়নের সময়সীমা ঘোষণা করা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে গাজীপুর চৌরাস্তা এলাকার সাগর সৈকত কনভেনশন হলে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের (জি-এফওপি) ব্যানারে আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে শত শত শ্রমিক মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। পরে তারা একটি মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করেন।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, গার্মেন্টস খাতের শ্রমিক-কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করতে হবে। তাদের প্রধান দাবি, শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করা।

পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সমাবেশের প্রধান আলোচক আকাশ আহমেদ বাবুল বলেন, আগামী ডিসেম্বর পর্যন্ত তারা সময় দিয়েছেন। শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করতে হবে। ১ ডিসেম্বর থেকে মজুরি বাস্তবায়ন না হলে সারা দেশে কঠোর আন্দোলন শুরু হবে। এই আন্দোলন কেউ থামাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আহ্বায়ক মির্জা আল শামীম বলেন, শ্রমিকদের অধিকার আদায় এবং শ্রমিক নির্যাতনের প্রতিবাদের জন্যই শ্রমিক ফেডারেশন গড়ে উঠেছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায়ে তারা সংগ্রাম করবেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে শ্রমিকরা সমাবেশ করার সুযোগ পাচ্ছেন। তবে অতীতে অনুমতি ছাড়া সমাবেশ করতে গেলে হামলা ও হয়রানির শিকার হতে হতো বলে দাবি করেন তিনি। শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে যেন সুবিধাবাদীরা প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, মাতৃত্বকালীন সুবিধাসহ শ্রমিকদের আরও বিভিন্ন দাবি রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে তাদের প্রধান দাবি ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করা।

গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের সদস্যসচিব ও বিশ্বব্যাপী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের সভাপতি শাকিল হোসেন মোবারক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমীর হামজা খান, বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি এইচটিএম বিল্লাল, মেহনতি গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ফেডারেশনের সভাপতি জান্নাত ফাতেমা ও সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহসভাপতি আনিসুর রহমানসহ বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতারা।