সিলেটে পুলিশের সামনেই আওয়ামী লীগের মিছিল

সিলেট নগরীতে পুলিশের সামনেই মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ জুন) সকালে নগরের নবাব রোড এলাকায় এই মিছিল হয়। অবশ্য মিছিলের পরপরই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটের সিলেট জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা নবাব রোড এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়ক প্রদক্ষিণ করছেন। ঠিক ওই সময়ই সড়কের বিপরীত পাশে পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। মিছিলটি পুলিশের গাড়ির পাশ কেটেই সামনের দিকে এগিয়ে যায়। পরে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।



