logo
Advertisement

১৬ কোটি টাকার সেতু আছে, সংযোগ সড়ক নেই

এশিয়া পোস্ট নিউজ, মাগুরা
১৬ কোটি টাকার সেতু আছে, সংযোগ সড়ক নেই
সেতু আছে, সংযোগ সড়ক নেই। ছবি: এশিয়া পোস্ট

যশোর-মাগুরা মহাসড়কের শালিখা উপজেলার আড়পাড়া বাজারসংলগ্ন ফটকী নদীর ওপর ১৬ কোটিরও বেশি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি সংযোগ সড়কের অভাবে দুই বছর ধরে সম্পূর্ণ অকেজো পড়ে রয়েছে। সেতু ও উত্তর পাশের সংযোগ সড়কের কাজ শতভাগ সম্পন্ন হলেও দক্ষিণ পাশের জমি অধিগ্রহণ জটিলতায় ২৩৫ মিটার অ্যাপ্রোচ রোডের নির্মাণকাজ আটকে আছে। ফলে কোটি টাকার এই অবকাঠামো কোনো কাজেই আসছে না।

Advertisement

২০২২ সালের মার্চে নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০২৪ সালে মূল সেতু ও মাগুরা অংশের সংযোগ সড়কের কাজ শেষ হয়। সরেজমিনে দেখা যায়, সেতুর উত্তর প্রান্ত সম্পূর্ণ প্রস্তুত। তবে দক্ষিণ প্রান্তে সরকারি জমির পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন জমি ও দোকানপাট থাকায় সংযোগ সড়কের কাজ থমকে আছে।

আড়পাড়া বাজারের মুদি ব্যবসায়ী অলোক রায় বলেন, আমার দুই শতক জমি সেতুর মুখে পড়েছে। সরকার ন্যায্যমূল্য দিলে জমি অধিগ্রহণে আমার কোনো আপত্তি নেই।

স্থানীয় মো. মশিয়ার মোল্যা বলেন, পুরোনো সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নতুন সেতু তৈরি হয়েও শুধু এক পাশের রাস্তার অভাবে মানুষের কোনো উপকারে আসছে না।

স্থানীয়দের দাবি, প্রতিদিন হাজারো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত ভূমি অধিগ্রহণের জট নিরসন করে সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ করতে হবে।

মাগুরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ বলেন, সেতুর মূল অবকাঠামো ও মাগুরা অংশের সংযোগ সড়ক প্রস্তুত রয়েছে। আড়পাড়া অংশের জমি অধিগ্রহণ সম্পন্ন হলেই সংযোগ সড়কের কাজ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

বিষয় :