বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করে চিরকুট রেখে গেলেন যাত্রী

টিকিট না কেটে ট্রেনে ভ্রমণ করেছিলেন এক যাত্রী। পরে সেই যাত্রার ভাড়া পরিশোধ করতে বগুড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে ৩০ টাকা ও একটি হাতে লেখা চিরকুট রেখে গেছেন তিনি। চিরকুটে নিজের নাম মাহী উল্লেখ করে টিকিট না কাটার কারণও জানিয়েছেন ওই যাত্রী।
শনিবার (১০ অক্টোবর) বগুড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে টাকা ও চিরকুট পাওয়া যায়।
চিরকুটে মাহী লেখেন, ‘আমি মাহী, গত ৭ অক্টোবর সান্তাহার যাই। যাওয়ার সময় তাড়াহুড়ার জন্য টিকিট কাটার সময় পাইনি। তবে ফিরে আসার সময় টিকিট কাটছি। তাই এই ৩০ টাকা রেখে যাচ্ছি।’

এ বিষয়ে বগুড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান বলেন, যাত্রীদের এ ধরনের সচেতনতা প্রশংসার দাবিদার। তবে রেলস্টেশনে এলে পর্যাপ্ত সময় হাতে নিয়ে আসা উচিত।
এ ছাড়া যিনি এভাবে চিরকুট ও টাকা রেখে গেছেন, তিনি পরিচয় জানালে তাকে ধন্যবাদ জানাতে পারতেন বলে উল্লেখ করেন সাজেদুর রহমান।