সমাবেশে যাওয়ার পথে বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

এশিয়া পোস্ট নিউজ, বাগেরহাট
সমাবেশে যাওয়ার পথে বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬
হামলায় আহত এক জামায়াত নেতা। ছবি: এশিয়া পোস্ট

বাগেরহাট থেকে ইজিবাইকে করে খুলনায় ১১ দলীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে।

Advertisement

শনিবার (২০ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পারকুরশাইল এলাকায় হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন, চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ইস্রাফিল মোল্লা, কর্মী সাইফুল কাজী, ফেরদৌস শেখ, বাদশা চৌধুরী, সামাদ মোল্লা এবং ইজিবাইকচালক শহীদ শেখ।

আহতদের মধ্যে সাইফুল কাজী ও ফেরদৌস শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ইস্রাফিল মোল্লা জানান, শিবপুর থেকে ১০টি ইজিবাইকে করে নেতাকর্মীরা খুলনার সমাবেশে যাচ্ছিলেন। পথে পারকুরশাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে আসা ২০ থেকে ২২ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বলে, এই সড়ক দিয়ে জামায়াতের কোনো সমাবেশে যেতে পারবে না। এরপর তারা এলোপাতাড়ি মারধর শুরু করলে অন্তত ছয়জন আহত হন।

জামায়াতে ইসলামী মনোনীত চিতলমারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম বলেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত। আমরা এ ঘটনায় আইনি পদক্ষেপ নেব।

খুলনায় অনুষ্ঠিত ১১ দলীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, হামলা ও আহত হওয়ার বিষয়টি আমার জানা নেই। থানায় কেউ অভিযোগ দেয়নি।

বিষয় :বাগেরহাট