গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। তবে নারীর পরিচয় শনাক্ত করা গেলেও পুরুষটির পরিচয় এখনও জানা যায়নি।
নিহত নারী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার হরিনাথপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর মেয়ে সাহেদা বেগম (৬৫)। তিনি দুই সপ্তাহ আগে হরিনহাটি এলাকায় ছেলের বাসায় বেড়াতে এসেছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে সাহেদা বেগম বাসা থেকে জিরানীতে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুরগামী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে।
অন্যদিকে, শুক্রবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা খাড়াজোড়া এলাকা থেকে আনুমানিক ৬০ বছর বয়সি এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির পরনে ছিল চেক লুঙ্গি ও সাদা পাঞ্জাবি।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শওগাত উল আলম জানান, পৃথক দুটি স্থান থেকে নারীসহ এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নারীর পরিচয় শনাক্ত করা গেলেও পুরুষটির পরিচয় এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।