অবশেষে নিজ কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন সেই ৪৮ শিক্ষার্থী

ভর্তির সুযোগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভের পর অবশেষে নিজেদের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সেই ৪৮ শিক্ষার্থী। কলেজটির ভর্তি নীতিমালায় সর্বনিম্ন যোগ্যতা হিসেবে জিপিএ-৫ নির্ধারিত থাকলেও এখন একই প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করা জিপিএ-৪ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদ।
জানা গেছে, চলতি বছর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ১০১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ১০০ জন উত্তীর্ণ হন। জিপিএ-৫ পান ৫২ জন। এদিকে চলতি শিক্ষাবর্ষে কলেজটিতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ৩৫০টি আসন নির্ধারণ করা হয়েছে।
গত ২৭ আগস্ট প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে একাদশ শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন যোগ্যতা জিপিএ-৫ নির্ধারণ করা হয়। ফলে একই প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেও জিপিএ-৫ না পাওয়ায় ৪৮ শিক্ষার্থী নিজেদের কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হন।
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকেরা নীতিমালা সংশোধন করে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। এ নিয়ে এশিয়া পোস্টসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর রোববার (১৩ সেপ্টেম্বর) ভর্তির সুযোগের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকেরা সৈয়দপুর বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
খবর পেয়ে সেখানে উপস্থিত হন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পেশাজীবী প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) কেন্দ্রীয় আহ্বায়ক শাহরিন ইসলাম তুহিন। তারা শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি সমাধানে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।
এ সময় তারা কলেজের অধ্যক্ষকে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পরে শাহরিন ইসলাম তুহিন শিক্ষার্থী ও অভিভাবকদের জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার আহ্বান জানান। পরে শিক্ষার্থী ও অভিভাবকেরা জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে তাদের বিষয়টি নিয়ে আলোচনা হয়। মন্ত্রী তাদের কথা শোনেন এবং ভর্তিসংক্রান্ত সমস্যার বিষয়ে অবগত হন।
পরে মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। এর পরিপ্রেক্ষিতে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এসএসসি পাস করা জিপিএ-৪ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। ফলে জিপিএ-৫ না পাওয়ায় ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হওয়া ওই ৪৮ শিক্ষার্থী এখন নিজেদের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদ বলেন, এ প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন যোগ্যতা জিপিএ-৫। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, শুধুমাত্র এ প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করা জিপিএ-৪ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরাও ভর্তির সুযোগ পাবে।


