logo

ঈদের দিন বান্দরবানের চার পর্যটন কেন্দ্র উন্মুক্ত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
ঈদের দিন বান্দরবানের চার পর্যটন কেন্দ্র উন্মুক্ত
নীলাচল। ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে চারটি পর্যটন কেন্দ্র এক দিনের জন্য উন্মুক্ত করা হয়েছে। স্থানীয় হোটেল-মোটেল ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, জেলা প্রশাসনের এমন ঘোষণার পর পর্যটকদের আগ্রহ ও বুকিং বেড়েছে।

বান্দরবান জেলা প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল আজহার দিন (২৮ মে) জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটন কেন্দ্রে কোনো ধরনের প্রবেশ ফি নেওয়া হবে না। ওইদিন দেশ-বিদেশের পর্যটকরা বিনামূল্যে এসব পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। তারা জানান, এমন সিদ্ধান্ত পর্যটকদের আকৃষ্ট করবে এবং ঈদ মৌসুমে বান্দরবানের পর্যটন খাতে নতুন প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনবে।

বান্দরবান হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি মো. সিরাজুল হক বলেন, ঈদকে ঘিরে ইতোমধ্যে পর্যটকদের ব্যাপক সাড়া পাচ্ছি। অনেক হোটেলে অগ্রিম বুকিং শুরু হয়েছে। রোববার পর্যন্ত প্রায় ২০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। জেলা প্রশাসনের ফ্রি এন্ট্রি সুবিধা পর্যটকদের উৎসাহিত করেছে।

পর্যটন ব্যবসায়ী ও হোটেল নীলাদ্রির মালিক মো. ইউনুস বিন কবির বলেন, গত কয়েক মাসে পর্যটক কিছুটা কম থাকলেও ঈদ উপলক্ষে আবারও বান্দরবানে পর্যটকদের ঢল নামবে। বিশেষ করে নীলাচল ও চিম্বুকে দর্শনার্থীদের ভিড় বেশি হবে।

হোটেল ব্যবসায়ী নুরুল আলম জানান, পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে আমরা প্রস্তুতি নিয়েছি। পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য বান্দরবান সবসময়ই একটি আকর্ষণীয় গন্তব্য।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হবে। একইসঙ্গে পর্যটন কেন্দ্রগুলোতে পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় সেবার বিষয়েও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড়, মেঘ আর সবুজের সমারোহ উপভোগ করতে প্রতিবছর ঈদে হাজারো পর্যটক ভিড় করেন বান্দরবানে। এবারও ঈদুল আজহায় পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে পার্বত্য জেলা বান্দরবান— এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।