শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, ২ নেতা আটক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। পরে ঝটিকা মিছিল করেন তারা। এ সময় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।
আটক দুই নেতা হলেন—গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইমারুল ইসলাম শাবিন এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ১২ থেকে ১৪ জনের একটি দল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ধাওয়া দিয়ে দুজনকে আটক করে। বাকিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম তালুকদার বলেন, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এবং নিষিদ্ধ কার্যক্রমের প্রেক্ষাপটে ওই দুজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।