সত্য প্রকাশে আপসহীন থাকবে এশিয়া পোস্ট: অহিদুজ্জামান মনা

ঝিনাইদহে আধুনিক গণমাধ্যম ও নিরপেক্ষতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট। সোমবার (১১ মে) সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান মনা।
তিনি বলেন, সংবাদপত্র হলো সমাজের দর্পণ এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত জরুরি। আমি আশা করি, এশিয়া পোস্ট কোনো রক্তচক্ষুর কাছে নতিস্বীকার না করে সত্য প্রকাশে আপসহীন থাকবে। ঝিনাইদহের মাটি ও মানুষের অধিকারের নিয়ে কথা বলার পাশাপাশি এই প্রতিষ্ঠানটি আধুনিক ও ডিজিটাল সাংবাদিকতায় নতুন মাইলফলক সৃষ্টি করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন। তিনি বলেন, আমরা এশিয়া পোস্টকে স্বাগত জানাই। সাংবাদিকতার পেশাদারিত্ব বজায় রেখে তারা ঝিনাইদহের সমস্যা ও সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরবে এটাই আমাদের প্রত্যাশা। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিরপেক্ষ সংবাদ পরিবেশনই হোক এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, এটিএন বাংলা প্রতিনিধি নিজাম জোয়াদার বাবলু, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলুজ্জামান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জামির হোসেন, সময় টিভির জেলা প্রতিনিধি লোটাস রহমান সোহাগ, বাসস প্রতিনিধি শাহাজাহান নবীন, বাংলাদেশ অবজারভার প্রতিনিধি জাফর উদ্দীন রাজু, বাংলাদেশ বেতারের মো. আহসান কবিরসহ জেলার বরেণ্য সাংবাদিক ও সুধীজনরা।
অনুষ্ঠানে বক্তারা এশিয়া পোস্ট অনলাইনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।