এনসিপি নেতার বিরুদ্ধে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তোলার অভিযোগ

রংপুরের পীরগাছায় স্থানীয় নদীর তীররক্ষা বাঁধসংলগ্ন এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে এক এনসিপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত রুবেল মিয়া উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন এনসিপির সদস্য সচিব।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সরেজমিনে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর নামাচর এলাকায় গিয়ে দেখা যায়, তিস্তা নদীর তীররক্ষা বাঁধসংলগ্ন এলাকায় অবাধে ড্রেজার চালিয়ে বালু তোলা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, এনসিপি নেতা রুবেল মিয়া গত তিন দিন ধরে সেখান থেকে অবৈধভাবে বালু তুলছেন। ড্রেজার বসিয়ে এভাবে বালু তোলার কারণে স্থানীয় কৃষিজমি ও নদীর তীররক্ষা বাঁধ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
এ বিষয়ে এনসিপি নেতা রুবেল মিয়া বলেন, আমি সরকারি রাস্তার কাজ করার জন্যই মূলত বালু তুলছি। বিষয়টি উপজেলা প্রকৌশলীসহ সবাই অবগত আছেন এবং এতে তাদের অনুমতিও রয়েছে।
রুবেলের দাবি অস্বীকার করেছে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি বলেন, বালু উত্তোলনের সাথে উপজেলা প্রকৌশল দপ্তর কিংবা প্রশাসনের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।
পীরগাছা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন অভিযুক্তের দলীয় পরিচয় নিশ্চিত করে জানান, ড্রেজার দিয়ে বালু তোলার বিষয়টি তার জানা ছিল না। তবে অভিযোগের বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখবেন।
পীরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন বলেন, এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
.png)


