চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

চাঁদপুরে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে কসাই নূর মোহাম্মদকে (৪২) শ্বাসরোধে হত্যার দায়ে সুজন সরকার (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সুজন সরকার মতলব দক্ষিণ উপজেলার উত্তর ঘোড়াধারী গ্রামের সুদর্শন সরকারের ছেলে। তিনি পেশায় জেলে ও মাছ ব্যবসায়ী ছিলেন। নিহত নূর মোহাম্মদ চাঁদপুর শহরের বড় স্টেশন ক্লাব রোড এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
মামলার নথি ও নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২ মার্চ মতলব দক্ষিণ উপজেলার একটি খালি জমিতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন স্থানীয় ইউপি সদস্য বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে তদন্তে নেমে পুলিশ সুজন সরকারকে গ্রেপ্তার করে।
বড় স্টেশন এলাকায় ব্যবসা করার সূত্রে নূর মোহাম্মদের সঙ্গে সুজনের পরিচয় ও আর্থিক লেনদেন গড়ে ওঠে। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালে সুজন কৌশলে নূর মোহাম্মদকে নিজের বাড়িতে ডেকে এনে শ্বাসরোধে হত্যা করেন।
পরবর্তীতে ২০১৭ সালের ২৫ মে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই তপন চন্দ্র দাস। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কোহিনুর রশিদ রায়ে সন্তোষ প্রকাশ করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজেস মুখার্জী।



