জামায়াতের আসন পরিদর্শনে বিএনপির নারী এমপি, প্রশাসনকে সহযোগিতার নির্দেশ

কুমিল্লা-১১ আসনে (চৌদ্দগ্রাম) চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের জন্য আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) চৌদ্দগ্রাম সফরে আসছেন সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। তার কার্যালয় থেকে সোমবার (২০ জুলাই) জারি করা এক দাপ্তরিক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে প্রশাসনিক সহযোগিতা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে সংসদ সদস্যের কার্যালয় থেকে জারি করা নির্দেশনায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির নায়েবে আমির ডা. সৈয়দ মো. আবু তাহের। বিএনপির প্রার্থীকে ৫০ হাজারেরও বেশি ভোটে পরাজিত করে তিনি নির্বাচনে জয়লাভ করেন।
সম্প্রতি বিরোধীদলের আসনগুলোতে বিরোধী দলের এমপিদের আসনে উন্নয়ন তদারকি এবং রাজনৈতিক সমন্বয়ের জন্য সংরক্ষিত নারী আসনের সরকারদলীয় এমপিদের দায়িত্ব দিয়েছে বিএনপি। গত ৬ জুন বিএনপির সংসদীয় দলের সভায় দলটির ৩৬ নারী এমপিকে বিরোধী দলের ৭৯টি আসনের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।
জামায়াত নেতা ডা. তাহের এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর আসনে (কুমিল্লা-৪, দেবীদ্বার) উন্নয়ন তদারকির দায়িত্ব পেয়েছেন রাশেদা বেগম হীরা। এ নিয়ে তৃতীয়বার তিনি সংরক্ষিত আসনে বিএনপির এমপি মনোনীত হয়েছেন। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য। তার নিজ জেলা চাঁদপুর।
সংসদীয় দলের দেওয়া দায়িত্বসূত্রেই চৌদ্দগ্রাম পরিদর্শনে আসছেন রাশেদা বেগম হীরা। তার দপ্তর থেকে জারি করা নির্দেশনায় উল্লেখিত সফরসূচী অনুযায়ী আজ সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ প্রশাসনের সঙ্গে উন্নয়ন, আইন-শৃঙ্খলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি বৈঠক করবেন।
এরপর দুপুর ১টায় চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন এমপি হীরা।
বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বিভিন্ন বাজার, সেতু, কালভার্ট এবং চলমান সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গেও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করবেন বিএনপি এই নারী এমপি।
মতবিনিময় সভা ও সফর সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসক, কুমিল্লা; পুলিশ সুপার, কুমিল্লা; অতিরিক্ত পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল); উপজেলা নির্বাহী কর্মকর্তা; অফিসার ইনচার্জ (ওসি), চৌদ্দগ্রাম থানা এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা গ্রহণের জন্য বলা হয়েছে এমপির কার্যালয়ের নির্দেশনায়।
.png)






