প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকাকে খুনের অভিযোগ

বরিশাল নগরীতে প্রেমিকাকে বাসায় ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে নগরীর বগুড়া রোডের রাফি মঞ্জিল নামক বহুতল ভবনের ফ্ল্যাট থেকে সানজিদা কবির অনিতা নামে ওই তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সাজনিদার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পেগাসিয়া গ্রামে। তার সঙ্গে মইনুল ইসলাম হিমু নামে এক যুবকের সঙ্গে প্রেম ছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হিমুর বাসায় আসেন সাজনিদা। বিকেল তিনটার দিকে ওই ভবন থেকে কোতোয়ালি থানায় ফোন করে হত্যাকাণ্ডের বিষয়টি জানানো হয়।
স্থানীয়রা জানান, সানজিদা প্রায়ই হিমুর বগুড়া রোডের ওই বাসায় আসা-যাওয়া করতেন। রাফি মঞ্জিলের ওই ফ্ল্যাটটিতে হিমুর মাও বসবাস করেন।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন উল ইসলাম জানান, ঘানাটি প্রাথমিকভাবে খুন হিসেবে বিবেচনা করা হয়েছে। তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মইনুলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।