মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী গ্রেপ্তার

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বিজয়পুর বাজারে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণে অভিযুক্ত খোকন ওরফে ল্যাংরা খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত খোকন ওরফে ‘জুয়াড়ি ল্যাংরা খোকন’ বারপাড়া ইউনিয়নের উত্তর দুর্গাপুর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে বিএনপির কর্মী হিসেবে পরিচিত।
এর আগে, গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে বিজয়পুর বাজারের মোল্লা মার্কেটের একটি লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই নারী সেখানে ঘুমিয়ে থাকা অবস্থায় অভিযুক্ত খোকন জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে পুলিশ অভিযান শুরু করলে অভিযুক্ত আত্মগোপনে চলে যায়। অবশেষে শনিবার সন্ধ্যায় বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





