ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।
কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানাটির অবস্থান। ওই কারখানার হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পরে। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কারখানার শ্রমিকরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে সকল শ্রমিক কারখানা থেকে বের হয়ে আসে। সকল শ্রমিক তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসীম বলেন, আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট কাজ করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থানে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
