টাঙ্গাইলে ঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

টাঙ্গাইল সদর উপজেলায় ঘরে ঢুকে নাজমা আলম নাজু নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার শিবনাথ পাড়া এলাকায় নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নাজমা আলম নাজু ওই এলাকার শফিউল আলম শাহীনের স্ত্রী।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শফিউল আলম ও নাজমা আলম দম্পতির দুই সন্তান ঢাকায় থাকে। বাড়িটির দোতলায় তারা থাকেন। নিচতলা ভাড়া দেওয়া। শফিউল আলম পেশায় ভেটেরিনারি চিকিৎসক।
সকালে শফিউল আলম কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে যান। পরে তিনি স্ত্রীকে কল দিয়ে না পেয়ে ভাড়াটিয়াদের কল দেন। তারা ঘরে ঢুকে নাজমা আলমকে সোফায় গলাকাটা, হাত বাঁধা ও গলা রশি প্যাঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।





