লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮৮

লক্ষ্মীপুরে দিন দিন বেড়েই চলেছে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালসহ জেলার ৫ উপজেলায় সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৮ জন শিশু।
সোমবার (১৮ মে) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩১ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, হাম উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ৫৩, কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, রায়পুরে ১৮ ও রামগতিতে ১৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সদরে ২৬ জন, রায়পুরে ৩ ও রামগতিতে ২ জন ভর্তি হয়েছে। সোমবার পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে ৮২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪০ জন রোগী। এ ছাড়া মোট ৪৫ জন রোগীর হাম শনাক্ত হয়েছে ও দুই শিশু মারা গেছে। তারা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫৩ জন চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া ১০০ শয্যার এই হাসপাতালে ৩ শতাধিক রোগী ভর্তি থাকে সবসময়। প্রতিদিন বহির্বিভাগে প্রায় হাজার রোগী চিকিৎসা নেয়। জনবল সংকটে আমাদেরকে সবসময় হিমশিম খেতে হয়।
