logo
বাসচাপায় শিক্ষার্থী নিহত

যে ঘরে ছিল আলিম পাসের আনন্দ, সেখানেই এখন কান্নার রোল

যে ঘরে ছিল আলিম পাসের আনন্দ, সেখানেই এখন কান্নার রোল
সাকিব ব্যাপারী। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

এক দিন আগেও ঘরজুড়ে ছিল আনন্দ। আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পরিবারের একমাত্র ছেলে সাকিব ব্যাপারী (২১)। ফল প্রকাশের পর তাকে ঘিরে পরিবারের সদস্যদের মনে ছিল স্বস্তি আর ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন। কিন্তু সেই আনন্দ বিষাদে রূপ নিয়েছে মুহূর্তেই। পরীক্ষায় পাসের পরদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাকিব। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ তার পরিবার।

রোববার (১ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের রামগঞ্জ উপজেলার পদ্মা বাজার এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাকিব লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর এলাকার বক্স আলী ব্যাপারী বাড়ির আনিছুর রহমানের একমাত্র ছেলে। সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলে তিনি উত্তীর্ণ হন। তিনি লামচরী রায়পুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। ছবি : এশিয়া পোস্ট
সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। ছবি : এশিয়া পোস্ট

স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব রামগঞ্জ উপজেলার সিটি প্লাজার লাইফ সাপোর্ট আইটি ইনস্টিটিউট নামের একটি কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কাজ করতেন। রোববার কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পদ্মা বাজার এলাকায় বিআরটিসির একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

সাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়েন তার মা-বাবা ও স্বজনেরা।

এদিকে দুর্ঘটনার প্রতিবাদে রামগঞ্জের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। তারা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি জানান। এ সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার বিষয়ে তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট