logo

তিন মাসেই স্বপ্নভঙ্গ, সৌদিতে দেয়াল ধসে নোয়াখালীর যুবক নিহত

তিন মাসেই স্বপ্নভঙ্গ, সৌদিতে দেয়াল ধসে নোয়াখালীর যুবক নিহত

সৌদি আরবের দাম্মামে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মোহাম্মদ ইউসুফ (২৬) নামে নোয়াখালীর সেনবাগের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। মাত্র তিন মাস আগে জীবিকার তাগিদে দেশটিতে পাড়ি জমিয়েছিলেন তিনি।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোয়াজ্জম হোসেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে দাম্মামে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ ছাতারপাইয়া ইউনিয়নের মাহতাবপুর গ্রামের মনগাজী বেপারী বাড়ির মৃত বেচু মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সচ্ছলতা ফেরাতে  তিন মাস আগে সৌদি আরবে পাড়ি জমান ইউসুফ। শুক্রবার বিকেলে ইউসুফ একটি ভবনে ইলেকট্রিকের কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি দেয়াল ধসে তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাবেক ইউপি সদস্য (মেম্বার) মোয়াজ্জম হোসেন আরও বলেন, ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন। তার আড়াই বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে। ইউসুফের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে মাহতাবপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

স্থানীয়রা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।