logo

লিকেজ তারে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল দুই বোনের

লিকেজ তারে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল দুই বোনের
ভালুকা মডেল থানা। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহের ভালুকায় লিকেজ তারে বিদ্যুৎস্পর্শে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাতলামারী গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের মো. শাহাব উদ্দিনের মেয়ে আড়াই বছরের ফাতেমা আক্তার ও সাত বছরের নাহিদা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে শাহাব উদ্দিনের এক ঘরের বিদ্যুতের সংযোগ থেকে আরেক ঘরে বিদ্যুৎ নেওয়ার কাজ করছিল শ্রমিক। একপর্যায়ে লিকেজ হওয়া বিদ্যুতের তার ছিড়ে স্টিলের দরজায় লাগে। এসময় দুই শিশুর হাত স্টিলে লাগলে তারা বিদ্যুৎস্পর্শ হয়। কিছুক্ষণের মধ্যেই পরিবারের লোকজন টের পেয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।