logo

মসজিদের মাইকে ডাকাত ঢোকার খবর, পাঁচজনকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন এলাকাবাসী

মসজিদের মাইকে ডাকাত ঢোকার খবর, পাঁচজনকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন এলাকাবাসী
গণপিটুনিতে আহত পাঁচ যুবক। ছবি: এশিয়া পোস্ট

যশোর সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে ডাকাত প্রবেশ করেছে–মসজিদের মাইকে এমন ঘোষণা দেওয়ার পর ঘর থেকে বের হয়ে আসেন বাসিন্দারা আসেন। তারা ডাকাত সন্দেহে পাঁচজন যুবককে মারধর করেন। আহত অবস্থায় ওই পাঁচ যুবককে হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বালিয়াডাঙা বিসিক এলাকা ও মালোপাড়া সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

মারধরে আহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার বাইশা চাঁদপুর গ্রামের রাসেল, নাহিদ, নিরব, সুজন ও তানজিম। পুলিশ তাদেরকে আটক করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেলে করে একদল যুবক বালিয়াডাঙা গ্রামে প্রবেশ করেন। তারা বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও তল্লাশি করতে থাকেন। তাদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়দের ডাকাত সন্দেহ হয়।

একপর্যায়ে বালিয়াডাঙা বিসিক এলাকা থেকে তাদের ধাওয়া করেন স্থানীয়রা। এ সময় মান্দারতলায় প্রাইভেটকারটি ফেলে রেখে তারা বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করেন। পরে মালোপাড়া এলাকায় পাঁচ যুবককে আটক করে মারধর করেন স্থানীয়রা। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ঘটনার সময় মসজিদে মসজিদের মাইকে এলাকায় ডাকাত প্রবেশের খবর ছড়িয়ে দেওয়া হলে দুই গ্রামের মানুষ রাস্তায় নেমে আসেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কেউ দাবি করেন, ওই যুবকদের সঙ্গে একজন নারীও ছিলেন। তাকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটকরা ছিনতাইকারী চক্রের সদস্য হতে পারেন। ডাকাতির কোনো ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয়রা তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।