logo

দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, চালক ও হেলপার নিহত

দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, চালক ও হেলপার নিহত
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিকস

সিলেটের ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে অপর বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রোববার (৩১ মে) ভোরে উপজেলার তাজপুর বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ‘যাতায়াত’ পরিবহনের বাসচালক সোহেল (৩০) ও তার সহকারী (হেলপার) ইমন (২০)। চালক সোহেল নরসিংদী সদর উপজেলার শাহী প্রতাপ গ্রামের তাজুল ইসলামের ছেলে। ইমনের ঠিকানা জানা যায়নি।

পুলিশ জানায়, যাতায়াত পরিবহনের সিলেটমুখী একটি বাস সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে যাওয়ার পথে ‘সেন্টমার্টিন সৌহার্দ্য’ পরিবহনের দ্রুতগামী একটি বাস পেছন থেকে এসে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান বাসের চালক সোহেল ও হেলপার ইমন। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে ও স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান। তিনি বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।