logo

কর্মীকে মারধর, চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ

কর্মীকে মারধর, চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ
ছবি : এশিয়া পোস্ট

গেট পাসের বাড়তি ফি নেওয়া এবং এক ট্রেইলর শ্রমিক নেতাকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ রেখেছেন ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলরের চালক-শ্রমিকেরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বন্দরের ৫ নম্বর গেটে মারধরের ঘটনার পর থেকে পণ্যবাহী কনটেইনার পরিবহন পুরোপুরি বন্ধ রয়েছে।

ঘটনায় বন্দরের নিরাপত্তাকর্মী আশিকুর রহমান আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পরপরই বন্দর থেকে পণ্য ডেলিভারি কার্যক্রম থমকে যায়।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, বন্দর গেটে প্রবেশের পাস ইস্যুকে কেন্দ্র করে ট্রেইলর শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোকতার হোসেনের সঙ্গে গেটে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের প্রথমে বাগ্‌বিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি হয়। এর জেরেই শ্রমিকেরা একত্র হয়ে পণ্য পরিবহন বন্ধ করে দেন।

প্রাইম মুভার-ট্রেইলর শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান বলেন, গেট পাসের নির্ধারিত ফি ৫৭ টাকার বদলে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। সমিতির কোষাধ্যক্ষ মোকতার হোসেন এই বাড়তি টাকা নেওয়ার প্রতিবাদ জানালে বন্দরের নিরাপত্তাকর্মীরা তাঁকে মারধর করেন।

তিনি আরও জানান, বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হলে তারা এসে মীমাংসার প্রস্তাব দেয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে আলোচনার জন্য সবাই ৪ নম্বর গেটে গেলে সেখানে আবারও হট্টগোল ও অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি হয়। এরপরই ক্ষুব্ধ পরিবহন শ্রমিকেরা সব ধরনের পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ করে দেন।

এদিকে ঘটনার বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিমের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।