logo

কাশিমপুর কারাগারে বন্দি স্ত্রীকে দেখতে এসে ইয়াবাসহ আটক স্বামী

কাশিমপুর কারাগারে বন্দি স্ত্রীকে দেখতে এসে ইয়াবাসহ আটক স্বামী
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে ইয়াবাসহ রেজাউল করিম নামে এক ব্যক্তিকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে তাকে কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রোববার (২ আগস্ট) সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আরপি চেক পোস্টে আসেন রেজাউল করিম।

আটক রেজাউল করিম গাজীপুর জেলার শ্রীপুর থানার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী দর্শনার্থীদের দেহ তল্লাশির সময় তার আচরণে সন্দেহ করেন দায়িত্বরত কারারক্ষীরা। তার দেহ তল্লাশি চালানো হলে বিশেষভাবে লুকানো রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, কারাফটকে তল্লাশি করে ইয়াবা পাওয়ায় তাকে আটক করে কারারক্ষীরা। পরে তারা আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।