বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ মারা গেছেন

বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ মিয়া (৭৭) মারা গেছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত ৭টার দিকে ঢাকার হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আমিরুল ইসলাম মিলন। আবদুর রশিদ মিয়া বরগুনা শহরের আমতলার পাড় এলাকার বাসিন্দা ছিলেন।
ছেলে আমিরুল ইসলাম মিলন বলেন, দীর্ঘদিন ধরেই হার্টে সমস্যা নিয়ে অসুস্থ ছিলেন তিনি। কয়েকদিন আগে অবস্থার অবনতি হলে ঢাকা হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে সেখানে ভর্তি থেকে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। ভর্তি হওয়ার পরেও তার উন্নতি হয়নি। শুক্রবার সকাল থেকেই মারাত্মক অসুস্থ ছিলেন। এরপর রাতেই মারা যান তিনি। ভোররাতে অ্যাম্বুলেন্সে করে বরগুনায় নিয়ে আসা হবে তাকে। এরপর স্বজনদের সঙ্গে আলোচনা করে জানাজা ও দাফন কার্য সম্পন্ন করা হবে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভারতে প্রশিক্ষণ শেষে ৯ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। মুক্তিযুদ্ধের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখেন।
এ ছাড়া তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন।
আবদুর রশিদের মৃত্যুতে শোক জানিয়েছে জেলার অন্যান্য মুক্তিযোদ্ধাসহ সব শ্রেণি-পেশার মানুষ।