logo

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, গুলিবিদ্ধ ৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, গুলিবিদ্ধ ৬
ছবি: এশিয়া পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রাতের আঁধারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া (১৮) নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা এলাকার সেন্টু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মতি মেম্বরের ভাতিজা আমির হোসেন ও মুক্তারের নেতৃত্বাধীন পক্ষের সঙ্গে সেফু সরকার ও আজগর আলী সরকারের পক্ষের লোকজনের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ টেঁটা ও দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে নরসিংদীর রায়পুরা থানার জাহাঙ্গীর আলমের ছেলে স্বাধীন গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে শান্তিপুর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন বলেন, এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও আধিপত্য বিস্তার করতে নরসিংদী থেকে ভাড়া করে লোক এনে দুপক্ষ সংঘর্ষে জড়িয়েছে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় শান্তিপুর গ্রামের ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আরও ১৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।